গ্রেফতার অভিযান • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪, মামলা ৪৪
২৪ অক্টোবর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
ফুটবল মাঠে অসামান্য অর্জনের পাশাপাশি অসহায় শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়াতে ভূমিকা রাখার স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার স্পেনের মর্যাদাপূর্ণ "প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস" গ্রহণ করেছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।
স্পেনের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর। এ সময় উপস্থিত সমর্থকেরা আর্জেন্টিনার জার্সি পরে প্রিয় তারকাকে স্বাগত জানান। ব্যাগপাইপ ও ঢোলের বাদ্যের মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছালে মেসিকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
জুনে এই পুরস্কারের জন্য মেসিকে নির্বাচিত করে বিচারকমণ্ডলী। তাদের বিবেচনায়, ফুটবলে তার ঐতিহাসিক অর্জনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও বিশেষ গুরুত্ব পেয়েছে। পুরস্কার প্রদানকালে রাজকন্যা লিওনর মেসির খেলার দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতার প্রশংসা করেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে নিজের আধিপত্য ধরে রেখেছেন মেসি। বার্সেলোনায় ২১ বছরের অধ্যায়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। ২০২১ সালে স্প্যানিশ ক্লাবটি ছাড়ার পর প্যারিস সেন্ট জার্মেইয়ে দুই মৌসুম কাটিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির হয়ে খেলছেন এই আর্জেন্টাইন তারকা।
ব্যক্তিগত অর্জনের তালিকায় মেসির রয়েছে আটটি ব্যালন ডি'অর ও একটি বিশ্বকাপ শিরোপা। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোল, অ্যাসিস্ট ও ম্যাচ খেলার সংখ্যাতেও তিনি দেশের রেকর্ডধারী। তার ফুটবলীয় সাফল্যের পাশাপাশি শিশুদের কল্যাণে নেওয়া উদ্যোগও তাকে আন্তর্জাতিক অঙ্গনে আলাদা পরিচিতি দিয়েছে।
১৯৮১ সালে প্রবর্তিত "প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড" স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে অন্যতম সম্মানজনক স্বীকৃতি। বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান, উদ্ভাবন, উৎকর্ষ এবং আন্তর্জাতিক সহযোগিতায় ভূমিকা রাখার জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের সঙ্গে রয়েছে ৫০ হাজার ইউরো অর্থমূল্য।
ক্রীড়া বিভাগে এর আগে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথন কিংবদন্তি এলিউদ কিপচোগে এবং স্কিয়ার লিন্ডসে ভন এই সম্মাননা পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি।